২৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:৫১ পিএম

পছন্দমত রোগীকে ওটিতে না তোলায় জুনিয়র চিকিৎসককে মারধর

পছন্দমত রোগীকে ওটিতে না তোলায় জুনিয়র চিকিৎসককে মারধর
ডা. আলমগীর হোসাইন জনি।

মেডিভয়েস রিপোর্ট: নিজের পছন্দমত রোগীকে অপারেশন থিয়েটারে (ওটি) না তোলায় অস্ত্রোপচার চলাকালীন জুনিয়রকে মারধর করার অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। গত ২৩ সেপ্টেম্বর সকালে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। হাসপাতালের অর্থপেডিক্স সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আলমগীর হোসাইন জনির বিরুদ্ধে ওঠা এই অভিযোগ তদন্তে গঠিত হয়েছে কমিটি।

জানা গেছে, সূচি অনুযায়ী ওই দিন ৩ নম্বর অপারেশন থিয়েটারে টোটাল হিপ রিপ্লেসমেন্ট (টিএইচআর) এবং ৪ নম্বর ওটিতে এসিএল ইনজুরির রোগী ওটি টেবিলে তোলেন চিকিৎসকরা। ৩ নম্বর ওটিতে ডা. আলমগীর জনির রোগী উঠানো যায়নি। এর মধ্যে ৪ নম্বর ওটির এসিও নষ্ট ছিল। এ অবস্থায় ৪ নম্বর ওটির সংশ্লিষ্ট সবাইকে অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকেন তিনি।

একপর্যায়ে ডা. জনি মারমুখি ভঙ্গিতে ওটির নিয়ম লঙ্ঘন করে ৩ নং ওটিতে ঢুকে এফসিপিএস প্রশিক্ষণার্থী ডা. মুসা আল রাজিসহ কয়েকজন চিকিৎসককে হেনস্তা করেন। এ সময় অপারেশনরত রোগীর নিরাপত্তার বিঘ্নিত এবং রোগীর জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দেয়। ৩ নম্বর ওটিতে তাঁর রোগী না উঠানোয় ডা. মুসার উপর চড়াও হন এবং তাঁকে মারধর করেন। সেইঙ্গে গালিগালাজ করেন।

জানতে চাইলে ডা. মুসা আল রাজি আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মেডিভয়েসকে বলেন, ‘ওটি চলাকালীন সময়ে আমার গায়ে হাত তোলা হয়েছে। ওটি থেকে টেনে নিয়ে মারতে মারতে বের করে দেন এবং বাহিরেও মারধর করেন। সেই সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।’

‘কেন তাঁর পছন্দ মতো তাঁর রোগী ওটিতে ওঠানো হয়নি, এজন্য। এর আগের দিন বিভাগীয় প্রধান আমাদেরকে বলে দিয়ে গেছেন, কোন রোগী কোন সময় ওটিতে যাবে। আমরা সেই নির্দেশনা অনুযায়ী, কাজ করছিলাম। তারপরও তিনি আমার উপর চড়াও হন এবং মারধর করেন’বলেন তিনি।

জানতে চাইলে ঘটনার প্রত্যক্ষদর্শী ইন্টার্ন চিকিৎসক ডা. শেখ ইমাম হাসান ইমন (২৫ সেপ্টেম্বর) দুপুরে মেডিভয়েসকে বলেন, ‘ডা. আলমগীর হোসাইন জনি খুবই রাগান্বিত অবস্থায় ওটিতে আসেন। এসেই ডা. মুসাকে জিজ্ঞেস করেন, এই ওটি কে তুলেছে। এরপর তিনি জবাব দেন, বিভাগীয় প্রধান ডা. আবুল হাসনাত স্যারের কথা অনুযায়ী রোগী উঠেছে। এতে তিনি ক্ষিপ্ত হয়ে যান এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ওটি চলাকালীন তিনি ডা. মুসাকে মারধর করেন এবং বেধড়ক চড়থাপ্পড় দেন। এরপর বলেন, তুই কে? কার কথায় রোগী উঠিয়েছিস? এমন অবস্থায় ধাক্কা দিয়ে ওটি রুমের বাহিরে নিয়ে চলে যান এবং সেখানেও তার গায়ে হাত তোলেন।’

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ডা. আলমগীর হোসাইন জনি (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মেডিভয়েসকে বলেন, ‘আমাকে যে রোগীটা দেওয়া হয়েছে, তাঁর এসিএল রিকন্ট্রাকশন ছিল। কিন্তু সেখানে এটি করার পরিবেশ ছিল না, কিন্তু তাঁকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করেননি। এর পরিপ্রেক্ষিতে তাঁকে বকাঝকা করেছি। সঙ্গে সঙ্গে আমি তাঁর কাছে ক্ষমাও চেয়েছি। আমি আসলে অনেক সিনিয়র, আমার একটু ভুল হয়ে গেছে। আমি তাঁকে কোনো মারধর করিনি। মারধর করা হলে তাঁর ইনজুরি থাকতো। একটা মানুষকে ধাক্কা দেওয়া, মারধর করা নয়। আমি তো অনেক সিনিয়র লোক। গরমের মধ্যে কাজ করতে গিয়ে হঠাৎ আমি ইয়ে হয়ে গেছি।’

এ বিষয়ে অর্থপেডিক্স সার্জারির বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. আবুল হাসনাত বলেন, ‘ঘটনার দিন আমি ছুটিতে ছিলাম। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অধ্যক্ষ মহোদয় তদন্ত কমিটি করেছেন।’

এই ঘটনায় কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, জানতে চাইলে হাসপাতালেরর পরিচালক ডা. এস এম হাসিবুল ইসলাম মেডিভয়েসকে বলেন, ‘আমি টেলিফোনে কিছু বলতে চাচ্ছি না। কারণ এটা তদন্তাধীন বিষয়। আর যদি কিছু জানতেই হয়, তদন্ত শেষ হওয়ার পর অফিসে এসে জেনে নিবেন।’

এরপরই সংযোগটি বিচ্ছিন্ন করেন তিনি।

সার্বিক বিষয়ে জানতে মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. মুস্তাফিজুর রহমানের কাছে ফোন করা হলে তিনি বলেন, ‘জুনিয়র চিকিৎসকরা আমার কাছে এসেছেন এবং বিষয়টি জানিয়েছেন। কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মিজানুর রহমানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি এবং তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে তদন্ত কমিটি কাজ শুরু করেছেন। প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে।’

এসএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মুগদা মেডিকেল
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক